খেলাধুলা
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘হত্যা তালিকা’য় ফিফা সভাপতির নাম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত ওয়েবসাইট মিরোতভোরেৎসের ‘কিল লিস্ট’ বা ‘হত্যা তালিকা’য় যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ইউক্রেনের জন্য ‘শত্রু’ বলে বিবেচিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য প্রকাশের জন্য পরিচিত।
মিরোতভোরেৎসের অভিযোগ অনুযায়ী, ইনফান্তিনো ‘ইউক্রেনের বিরুদ্ধে মানবিক আগ্রাসনে সহযোগিতা করেছেন’ এবং রাশিয়াকে ‘পদ্ধতিগতভাবে সমর্থন’ দিয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে রাশিয়ার পক্ষে ‘প্রোপাগান্ডা’ ছড়াতে সহায়তার অভিযোগও আনা হয়েছে। ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ সম্মানে ভূষিত করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি ভবিষ্যতে রুশ ফুটবলারদের আবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ও বয়কট ক্রীড়াক্ষেত্রে আরও হতাশা ও বিদ্বেষ সৃষ্টি করে।
এই বক্তব্যের পর ইউক্রেনের বিভিন্ন কর্মকর্তা ইনফান্তিনোর সমালোচনা করেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিগা তাঁকে ‘নৈতিকভাবে অধঃপতিত’ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফিফা, উয়েফাসহ অধিকাংশ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা রাশিয়ার ক্রীড়াবিদ ও দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়া এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়ে অলিম্পিক চার্টারের পরিপন্থী বলে দাবি করে আসছে। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি বলেন, খেলাধুলা ও অলিম্পিক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।
মিরোতভোরেৎস নিজেকে একটি স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তালিকাভুক্ত একাধিক ব্যক্তি পরবর্তীতে নিহত হয়েছেন বা রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যুবরণ করেছেন। এ কারণেই ওয়েবসাইটটি আন্তর্জাতিক অঙ্গনে ‘কিল লিস্ট’ নামে কুখ্যাত।








