খেলাধুলা
ব্রাজিলের জার্সিতে ‘সাদিয়া’ লেখা যে কারণে

ছবি : সংগৃহীত
হেক্সা শিরোপার মিশনে চলমান ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ে ব্যস্ত ব্রাজিল। গ্রুপ পর্বের পর শেষ বত্রিশের বাধাও পেরিয়েছে সেলেসাওরা। এবার পালা শেষ ষোলোর। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আজ মাঠে নামবে নরওয়ের বিপক্ষে। আর্লিং হলান্ডদের বিপক্ষে খেলার আগে কঠোর অনুশীলন সেরেছেন নেইমার জুনিয়ররা। আর সাম্বা বয়দের অনুশীলনের ভিডিও খেয়াল করলেই দেখা যায় তাদের জার্সির পেছনে লেখা ‘Sadia’ (সাদিয়া)।
ব্রাজিলের অনুশীলন জার্সিতে ‘Sadia’ (সাদিয়া) লেখা থাকলেও বাংলাদেশের মত এটা আসলে কোনো নাম নয়। সেলেসাওদের অনুশীলন জার্সিতে যে ‘Sadia’ (সাদিয়া) লেখা তা মূলত একটি প্রতিষ্ঠানের নাম। এটি একটি বৈশ্বিক খাদ্য উৎপাদনকারী কোম্পানির নাম। এটি মূলত ব্রাজিলের বহুজাতিক খাদ্য জায়ান্ট BRF S.A.-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হিমায়িত মাংস (মুরগি, টার্কি, গরুর মাংস), পাস্তা, মার্জারিন এবং বিভিন্ন ধরনের রেডি-টু-ইট স্ন্যাক্স উৎপাদন ও বিশ্বজুড়ে রফতানি করে থাকে।
আর এই প্রতিষ্ঠানই ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিশিয়াল স্পন্সর। সিবিএফের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ‘Sadia’ (সাদিয়া) জাতীয় দলের খেলোয়াড়দের অফিসিয়াল প্রোটিন সরবরাহকারী হিসেবে কাজ করছে। ২০২৬ সালের মার্চ মাসে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে সাদিয়া ব্র্যান্ডের এই চুক্তিটি নতুন করে নবায়ন করা হয়েছে, যা আগামী ২০৩০ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
এ কারণেই ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের অনুশীলন জার্সিতে লেখা থাকবে ‘Sadia’ (সাদিয়া)। চলতি বিশ্বকাপেও সেলেসাওদের অনুশীলন দেখলেই জার্সির পেছনে নামটি লক্ষ করা যায়।
পর্তুগিজ ভাষায় ‘Sadia’ (সাদিয়া) শব্দটির আক্ষরিক অর্থ হলো ‘স্বাস্থ্যকর’ (Healthy)। তবে মজার ব্যাপার হলো, এটি কেবল একটি অর্থপূর্ণ শব্দই নয়, এটি মূলত কোম্পানিটির আদি এবং অফিশিয়াল নামের একটি বিশেষ সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন।
ব্রাজিলের সান্তা ক্যাটরিনা (Santa Catarina) রাজ্যের কনকোর্ডিয়া (Concórdia) শহরে এই কোম্পানির জন্ম এবং এর প্রধান সদর দফতরও সেখানেই অবস্থিত। কোম্পানিটির মূল প্রাতিষ্ঠানিক নাম ছিল মূলত এটি- Sociedade Anônima Indústria e Comércio Concórdia, (সোসাইদাদ অ্যানোনিমা ইনদুস্ত্রিয়া এ কোমার্সিও কনকোর্ডিয়া)।
এই দীর্ঘ নামের প্রথম অংশ থেকে ‘SA’ এবং শেষদিকের শব্দগুলো থেকে ‘DIA’ (Indústria-র ‘DI’ ও Comércio-র ‘A’ অথবা Concórdia-র শেষের অংশ) মিলিয়ে তৈরি হয় ‘Sadia’।







