খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক: পাকিস্তান অধিনায়ক সালমান আগা

ডেস্ক

শেয়ারঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক: পাকিস্তান অধিনায়ক সালমান আগা- খবরের থাম্বনেইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করতে পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সালমান আগা। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত অধিনায়কদের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে পাকিস্তান দলের ভারত ম্যাচ বয়কটের বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।


সালমান আগা বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলায় সমর্থকেরা হতাশ হতে পারেন—এ বিষয়টি তিনি বুঝতে পারছেন। তবে এটি দলের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত এবং দল সেই সিদ্ধান্তকে সম্মান করে। তাঁর ভাষায়, “ভারত ম্যাচ আমাদের হাতে নেই। সরকার যা নির্দেশ দেবে, আমরা সেটাই অনুসরণ করব। আমাদের সামনে আরও তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেগুলো নিয়েই এখন মনোযোগ।”


বাংলাদেশের অংশগ্রহণ না করা প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, “বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তারা বিশ্বকাপে খেলছে না—এটা সত্যিই দুঃখজনক।”


উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারতে দল পাঠাতে অসম্মতি জানায়। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার প্রতিক্রিয়াস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়।


নকআউট পর্বে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সালমান আগা বলেন, “যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, সে ক্ষেত্রে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেব।”


গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার প্রসঙ্গেও কথা বলেন সালমান। তিনি বলেন, “ওটা অতীত। এটা নতুন বিশ্বকাপ, নতুন দল ও নতুন কম্বিনেশন। অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম বিশ্বকাপ। আমি সামনে থেকে নেতৃত্ব দিতে চাই এবং দলকে এমন পরিবেশ দিতে চাই, যাতে সবাই নিজেদের সেরাটা দিতে পারে।”


পাকিস্তান আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে।


সম্পর্কিত খবর