খেলাধুলা

ইংল্যান্ডকে শেষবার ‘হাতের গোলে’ হারিয়েছিলেন ম্যারাডোনা, এবার মেসি

ডেস্ক

শেয়ারঃ

ইংল্যান্ডকে শেষবার ‘হাতের গোলে’ হারিয়েছিলেন ম্যারাডোনা, এবার মেসি- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারে প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিগত পুরস্কারে ভরা তার সাফল্যের ঝুলি। তবে এত দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়াতেও একটি অভিজ্ঞতা অধরাই ছিল, আর্জেন্টিনার জার্সিতে কখনো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে।


লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার প্রায় দুই দশকের। এই সময়ে বিশ্বের প্রায় সব শক্তিশালী দলের বিপক্ষে খেলেছেন তিনি। কিন্তু নানা কারণে ইংল্যান্ডের বিপক্ষে কখনো মাঠে নামার সুযোগ হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।


বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ৩৯ বছর বয়সী মেসির জন্য ম্যাচটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং দীর্ঘদিনের একটি অপূর্ণতা পূরণের সুযোগও।


আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর দুই দেশের ফুটবল ম্যাচে বাড়তি আবেগ ও উত্তেজনা যোগ হয়। বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' গোল এবং পরে করা দুর্দান্ত একক গোল এই দ্বৈরথকে ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে দেয়।


এত ঐতিহাসিক প্রতিপক্ষ হলেও মেসির ভাগ্যে কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলা জোটেনি। শুধু সিনিয়র দল নয়, বয়সভিত্তিক কোনো পর্যায় কিংবা প্রীতি ম্যাচেও ইংল্যান্ডের মুখোমুখি হননি তিনি।


সবশেষ ২০০৫ সালে সুইজারল্যান্ডের জেনেভায় একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। তখন জাতীয় দলে নতুন ছিলেন মেসি। কিন্তু অভিষেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে লাল কার্ড পাওয়ায় ফিফার নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি। গ্যালারি থেকে সতীর্থদের খেলা দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে।


সেই ম্যাচে হার্নান ক্রেসপো ও রবার্তো আয়ালার গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ইংল্যান্ডের হয়ে একটি গোল করেন ওয়েন রুনি। ম্যাচের শেষ দিকে মাইকেল ওয়েন পরপর দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন।


প্রায় ২০ বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর এই ম্যাচটি মেসির ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় যোগ করতে পারে। কারণ আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ পথচলার পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।


বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলের প্রায় সব বড় সাফল্য অর্জন করেছেন মেসি। এবার তার সমৃদ্ধ ক্যারিয়ারে যোগ হতে পারে আরেকটি স্মরণীয় অধ্যায়, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা।


সম্পর্কিত খবর