খেলাধুলা
আইসিসি হল অব ফেমে গাঙ্গুলী-পিটারসেন ও আঞ্জুম

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মর্যাদাপূর্ণ হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেন এবং ভারতের নারী ক্রিকেটার আঞ্জুম চোপড়া।
গতরাতে স্কটল্যান্ডের এডিনবরায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে হল অব ফেমে খেলোয়াড়দের জায়গা দেয় আইসিসি।
নতুন তিন সদস্যকে নিয়ে আইসিসি হল অব ফেমে এখন অন্তর্ভুক্ত ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ১২৫।
হল অব ফেমের নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এই স্বীকৃতি তাদের অনন্য কীর্তিকে চিরস্মরণীয় করে রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মও ক্রিকেট ইতিহাসের সেরাদের সাথে তাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
হল অব ফেমের সম্মাননা পেয়ে গাঙ্গুলী বলেন, ‘ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় নিজের নাম দেখতে পাওয়া আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সেবায় নিজেকে যুক্ত রাখতে চাই।’
পিটারসেন বলেন, ‘আইসিসির এমন সম্মান পাওয়া অত্যন্ত গৌরবের। ক্রিকেটের কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পেরে সম্মানিত ও বিনয়ী বোধ করছি।’
এই স্বীকৃতির জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আঞ্জুম বলেন, ‘ছোটবেলা থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ক্রিকেটের সেরাদের মধ্যে স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান।’







