খেলাধুলা

বার্সার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল, তবুও জয়হীন মিয়ামি

ডেস্ক

শেয়ারঃ

বার্সার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল, তবুও জয়হীন মিয়ামি- খবরের থাম্বনেইল ফটো

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চেনা ছন্দেই ধরা দিলেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থের গোলে সহায়তা করলেও শেষ মুহূর্তের লাল কার্ড ও গোল হজমে জয় ধরে রাখতে পারেনি ইন্টার মিয়ামি। ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।


আজ ভোরে এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন মেসি। দলের অন্য গোলটি করেন নতুন যোগ দেওয়া ফরোয়ার্ড গেরমান বেরতেরামে।


ম্যাচের ৩১তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন মেসি। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের অর্ধে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শক্তিশালী শটে জাল কাঁপান আর্জেন্টাইন সুপারস্টার। চলতি বছরে এটি তাঁর প্রথম গোল। ৪১ মিনিটে জোয়াও রোহাসের গোলে সমতায় ফেরে স্বাগতিক বার্সেলোনা এসসি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও লিড নেয় ইন্টার মায়ামি। ডান দিক থেকে মেসির নিখুঁত ক্রস থেকে সহজ গোল করেন বেরতেরামে।


দ্বিতীয়ার্ধে এক ঘণ্টা খেলা হওয়ার পর মেসিকে তুলে নেন কোচ হাভিয়ের ম্যাচেরানো। তখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারী মিয়ামির হাতেই। কিন্তু শেষ দিকে ঘটে ছন্দপতন। ৮৭ মিনিটে বদলি নামা ডেভিড আয়ালা লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ইন্টার মিয়ামি। সেই সুযোগ কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যেই কাছ থেকে গোল করে সমতা ফেরান টমাস মার্তিনেজ। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।


দক্ষিণ আমেরিকায় প্রাক-মৌসুম সফরে এটি ইন্টার মিয়ামির তৃতীয় ম্যাচ, যার মধ্যে দ্বিতীয়বার ড্র করল দলটি।


আগামী ২২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ মেজর লিগ সকার (এমএলএস) অভিযান শুরু করবে ইন্টার মিয়ামি। তার আগে আগামী শনিবার ভোরে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেসির ক্লাব।


সম্পর্কিত খবর