খেলাধুলা
বড় পুঁজি গড়েও ব্যর্থ আফগানরা, রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। রোববার চেন্নাইয়ে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্ল্যাক ক্যাপসরা। ১৩ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৮২ রান। জবাবে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে করে ১৮৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রানের বেশি লক্ষ্য তাড়া করে কখনো জেতেনি নিউজিল্যান্ড। সেই রেকর্ড ভেঙেই জয় পেল স্যান্টনারের দল।
আফগানিস্তানের শুরুটা খুব দ্রুত ছিল না। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান প্রথম পাঁচ ওভারে করেন ৩৫ রান। এরপর লকি ফার্গুসনের টানা দুই উইকেটে চাপে পড়ে দলটি। জাদরান ১০ ও গুরবাজ ২৭ রানে আউট হন।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গুলবাদিন নাইব। সেদিকউল্লাহ আতালের সঙ্গে তিনি গড়েন ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। আতাল ২৯ রানে আউট হলেও নাইব দারুণ ব্যাটিং চালিয়ে যান। দারবিশ রাসুলির সঙ্গে আরও ৩৩ রান যোগ করেন তিনি।
নাইব ৩৫ বলে ৬৩ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। রাসুলি করেন ২০ রান। শেষ দিকে মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাই মাত্র ১১ বলে ১৮ রান তুলে দলকে নিয়ে যান ১৮২ রানে। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া জ্যাকব ডাফি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র নেন একটি করে উইকেট।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউই ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে রান তাড়া করে। নিয়মিত উইকেট পড়লেও বড় লক্ষ্য পেরোতে কোনো সমস্যা হয়নি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।








