খেলাধুলা

আইসিসির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বিসিবি সভাপতি

ডেস্ক

শেয়ারঃ

আইসিসির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বিসিবি সভাপতি- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম রোববার সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি ভার্চুয়াল সভায় তিনি যোগ দেবেন।


পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


জিও নিউজের খবরে বলা হয়, লাহোরে পৌঁছে বিসিবি সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে দিনের শেষভাগে আইসিসির জরুরি ভার্চুয়াল সভায় অংশ নেবেন তিনি। সভায় আইসিসির অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেটে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটেই এই সভা অনুষ্ঠিত হচ্ছে।


এর আগে শনিবার ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্ট এই সংকটের সূত্রপাত হয় বাংলাদেশ দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে ঘিরে।


প্রতিবেদনে বলা হয়, সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। পরে বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে দেয়। একপর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।


এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায়, তারা ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘খেলার মাঠে রাজনীতি’ করার অভিযোগ তুলে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দেন।


বিশ্বকাপের মোট আয়ের একটি বড় অংশ ভারত–পাকিস্তান ম্যাচের ওপর নির্ভরশীল হওয়ায় পাকিস্তানের এই সিদ্ধান্ত আইসিসিকে চাপে ফেলেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উল্লেখ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজতেই আইসিসির জরুরি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।


সম্পর্কিত খবর