খেলাধুলা

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ডেস্ক

শেয়ারঃ

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান- খবরের থাম্বনেইল ফটো

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রোববার শেষ হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির খবর অনুযায়ী, এই আলোচনার সবচেয়ে বড় লাভবান হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


জিও টিভি জানিয়েছে, আইসিসি বাংলাদেশকে মোট তিনটি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষতিপূরণ, বিশ্বকাপের লভ্যাংশ এবং ভবিষ্যতে ভারতে টুর্নামেন্ট খেলতে বিশেষ সুযোগ।


ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। একই কারণে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে। আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি যদি মাঠে না গড়ায়, তাহলে আইসিসির প্রায় ৬১৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।


এই বড় ক্ষতির হাত থেকে বাঁচতেই ম্যাচটি আয়োজন করতে মরিয়া আইসিসি। সে কারণেই রোববার বিকেলে লাহোরে পিসিবি ও বিসিবিকে নিয়ে বৈঠকে বসে সংস্থাটি। এই বৈঠক চলে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে।


সূত্র জানায়, বৈঠকে তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে আন্তরিক ছিল। বিসিবি যে অভিযোগগুলো তুলেছিল এবং অতীতে বাংলাদেশের সঙ্গে যে অবিচার হয়েছে বলে তারা মনে করে, সেগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি।


এই সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশকে তিনটি সুবিধা দেওয়া হবে— বিশ্বকাপে না খেলায় বিসিবিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিশ্বকাপের লভ্যাংশ পাবে বাংলাদেশ। ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে বাংলাদেশ হাইব্রিড মডেলে খেলতে পারবে।


বৈঠকে মূল আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে।


আলোচনা শেষে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা চূড়ান্ত অনুমোদনের জন্য বৈঠক ত্যাগ করেন। একই সময় বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান।


সূত্র আরও জানিয়েছে, সমঝোতার কাঠামোতে একমত হওয়ার পর আইসিসি ও বিসিবির মধ্যে সোমবার দুপুরে আবার আলোচনা হতে পারে। এরপর বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত খবর