জাতীয়
সুষ্ঠু ভোটে যে ফলই আসুক, আমরা মেনে নেব: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হোক। জনগণের সরকার গঠিত হোক। আগামীর সরকার কোনো ব্যক্তি বা দলের একার হবে না—সবাই মিলে দেশ গড়তে হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “আমরা সারাদেশের পরিস্থিতির খোঁজখবর নিচ্ছি। ছোটখাটো কিছু বিষয় ছাড়া বড় কোনো সমস্যা নেই। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা তা মেনে নেব না। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না। সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফলাফলই আসুক, আমরা তা মেনে নেব। অন্যরাও যেন ফলাফল মেনে নেয়।”
বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, “সব গণমাধ্যমে একই ধরনের খবর প্রচার হয় না। কেউ অপরাধ করলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু জোর করে কাউকে অপরাধী বানানো গ্রহণযোগ্য নয়।”
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযোগ বিএনপি করছে, আমরাও করছি।”
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিনি মনিপুর স্কুল কেন্দ্রে পৌঁছে ভোট দেন।








