জাতীয়
চুয়াডাঙ্গায় জাল ভোট ও আচরণবিধি লঙ্ঘন: আটক ২, জরিমানা ৬ হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার পৃথক দুই কেন্দ্রে জাল ভোট প্রদান ও কেন্দ্রের ভেতরে নগদ অর্থ রাখার অভিযোগে জামায়াতে ইসলামীর দুই ওয়ার্ড আমিরকে আটক করা হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার ৩০০ টাকাসহ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমির মো. শরীফকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরে তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ থাকার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। দায়িত্বরত কর্মকর্তাদের জানানো হলে তার কাছ থেকে ৭৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, দামুড়হুদা উপজেলার নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ১০টার দিকে জাল ভোট প্রদানের সময় জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমির মো. শাহাবুদ্দিনকে প্রিজাইডিং অফিসার আটক করেন।
নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ডা. তরিকুল ইসলাম জানান, শাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতোমধ্যে ভোট দিয়েছেন। এরপরও তিনি জেনে-শুনে পুনরায় ভোট দিতে কেন্দ্রে আসেন। বিষয়টি শনাক্ত হলে তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকায় রিকশা-ভ্যানের সামনে পোস্টার টাঙানোর দায়ে একজন বিএনপি ও একজন জামায়াত কর্মীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান বলেন, আটক ব্যক্তিদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








