খেলাধুলা

বার্সেলোনার জালে এক হালি গোল দিয়ে জিতল অ্যাতলেতিকো

ডেস্ক

শেয়ারঃ

বার্সেলোনার জালে এক হালি গোল দিয়ে জিতল অ্যাতলেতিকো- খবরের থাম্বনেইল ফটো

কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনাকে রীতিমতো উড়িয়ে দিল আতলেতিকো মাদ্রিদ। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচ কার্যত একতরফা করে দেন দিয়েগো সিমিওনের শিষ্যরা।


ম্যাচের দুর্ভাগ্য যেন শুরুই হয়েছিল বার্সার জন্য। এরিক গার্সিয়ার ব্যাকপাস গোলরক্ষক হোয়ান গার্সিয়ার পায়ের নিচ দিয়ে গড়িয়ে জালে ঢুকে যায়, আতলেতিকোর আত্মঘাতী গোলেই লিড। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এ মৌসুমে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা আতোয়া গ্রিজমান। সাবেক ক্লাবের বিপক্ষে দারুণ এক কার্লিং শটে গোল করেন তিনি।


এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আতলেতিকো। বার্সার ফারমিন লোপেজ একবার পোস্টে লাগালেও সেটাই ছিল বিরল সুযোগ। ৩৩ মিনিটে ডান দিক দিয়ে দৌড়ে উঠে জুলিয়ানো সিমিওনে পাস দেন হুলিয়ান আলভারেজকে। তিনি বল বাড়ান আদেমোলা লোকমানের দিকে, যিনি টানা দ্বিতীয় ম্যাচে গোল করে ব্যবধান ৩–০ করেন।


প্রথমার্ধের যোগ করা সময়ে প্রায় দুই মাস ও ১১ ম্যাচের গোলখরা কাটান আলভারেজ। দূর থেকে নেওয়া তার জোরালো শট জালে জড়িয়ে যায়, আতলেতিকো এগিয়ে যায় ৪–০ ব্যবধানে।


দ্বিতীয়ার্ধে বার্সা একটি গোল ফিরিয়েছে ভেবে উচ্ছ্বসিত হয়েছিল। পাউ কুবারসির শট জালে গেলেও দীর্ঘ ভিএআর যাচাইয়ের পর অফসাইড ধরা হয়। পুরো প্রক্রিয়াটি চলে আট মিনিট যা গত মৌসুমে এফএ কাপের ম্যাচে হওয়া রেকর্ড সময়ের সমান।


শেষ দিকে পরিস্থিতি আরও খারাপ হয় বার্সার জন্য। এরিক গার্সিয়া ভিএআর রিভিউয়ের পর লাল কার্ড দেখেন অ্যালেক্স বায়েনা-কে ফাউল করার কারণে।


গত বছর এই একই পর্যায়ে মুখোমুখি হয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। তবে এবার প্রথম লেগেই বড় ধাক্কা খেল তারা। ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে ১০ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো এখন বড় চ্যালেঞ্জ।


সম্পর্কিত খবর