খেলাধুলা
অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

বাংলাদেশ নারী ফুটবল লিগের সপ্তম আসরে দাপুটে পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টারস। লিগের শেষ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনী দলকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে নবাগত এই দল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম-এ অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে রাজশাহীর প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। অন্যদিকে সেনাবাহিনীর সামনে ছিল জয়ের বিকল্পহীন সমীকরণ। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্যে তিন গোল করে প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়ে দেয় রাজশাহীর মেয়েরা।
বিরতির পর আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আলপি আক্তার। সতীর্থ সৌরভী আকন্দের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে প্রথম গোল করেন তিনি। ৫৯ মিনিটে ঋতুপর্ণা চাকমার বাড়ানো ক্রস থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার রিপা। ম্যাচের ৮৮ মিনিটে নিজেই গোল করে জয় নিশ্চিত করেন ঋতুপর্ণা চাকমা।
১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় রাজশাহী। রানার্সআপ সেনাবাহিনীর সংগ্রহ ২৪ পয়েন্ট।
দীর্ঘ প্রায় দেড় বছর পর গত ২৯ ডিসেম্বর মাঠে গড়ায় নারী ফুটবল লিগের সপ্তম আসর। মৌসুমজুড়ে মাঠ ব্যবস্থাপনা ও সূচি নিয়ে কিছু বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশেই লিগ শেষ হয়েছে। ১১ দলের এই আসরে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি ১০ ম্যাচে মাত্র একটিতে জয় পায়। এবারের লিগে অংশ নেয়নি সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
দেশের নারী ফুটবলে নতুন শক্তি হিসেবে রাজশাহী স্টারসের এই উত্থান সংশ্লিষ্টদের কাছে আশাব্যঞ্জক বার্তা বহন করছে। ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা, ধারাবাহিকতা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে নারী ফুটবল আরও এগিয়ে যাবে বলে ক্রীড়ামহলের প্রত্যাশা।








