খেলাধুলা
নারী ফুটবল লিগে নতুন ইতিহাস, অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী

বাংলাদেশ নারী ফুটবল লিগের সপ্তম আসরে নবাগত দল রাজশাহী স্টারস অপরাজিত থেকে শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে। লিগের শেষ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি। ১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করে রাজশাহী মেয়েরা শিরোপা নিশ্চিত করে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম–এ অনুষ্ঠিত ম্যাচে রাজশাহীর সামনে চ্যাম্পিয়ন হতে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। অন্যদিকে শিরোপার লড়াই প্লে-অফে নিতে বাংলাদেশ সেনাবাহিনীর দরকার ছিল জয়। তবে সমীকরণের ম্যাচে রাজশাহী দাপট দেখিয়ে নিরঙ্কুশ জয় তুলে নেয়।
বিরতির পর গোলের দেখা পায় রাজশাহী। ৪৭ মিনিটে সৌরভী আকন্দের বাড়ানো পাস থেকে আলপি আক্তার প্রথম গোল করেন। ৫৮ মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে সরাসরি শটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার রিপা। ম্যাচের ৮৮ মিনিটে বাঁ পায়ের কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মাতে রাজশাহীর খেলোয়াড়রা।
লিগে ১০ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর সংগ্রহ ২৪ পয়েন্ট। কঠিন প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ধারাবাহিক পারফরম্যান্সে শিরোপা নিশ্চিত করেছে রাজশাহী স্টারস।
ম্যাচশেষে দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা বলেন, পুল পদ্ধতি চালুর ফলে এবার লিগে প্রতিযোগিতা বেড়েছে এবং প্রতিটি ম্যাচেই চ্যালেঞ্জ ছিল। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার পথ সহজ ছিল না। কোচ মাহমুদা শরীফা অদিতি জানান, তাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে তিন পয়েন্ট অর্জন করা এবং সেই পরিকল্পনাই সফল হয়েছে। অধিনায়ক শিউলি আজিম বলেন, সেনাবাহিনী ও ফরাশগঞ্জ ছিল শক্ত প্রতিপক্ষ, তবে দলগত ঐক্যই তাদের সাফল্যের মূল চাবিকাঠি।
দীর্ঘ দেড় বছর পর আয়োজিত এই লিগ ২৯ ডিসেম্বর শুরু হয়। মাঠ ব্যবস্থাপনা ও সূচি নিয়ে কিছু বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশেই টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ১১ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আসরে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি আশানুরূপ ফল করতে পারেনি। এবারের আসরে অংশ নেয়নি সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
নারী ফুটবলে নতুন শক্তির উত্থান হিসেবে রাজশাহী স্টারসের এই সাফল্য দেশের ফুটবল অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে ক্রীড়া বিশ্লেষকদের অভিমত।








