খেলাধুলা

গেহির প্রথম গোলে পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার সিটি

ডেস্ক

শেয়ারঃ

গেহির প্রথম গোলে পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার সিটি- খবরের থাম্বনেইল ফটো

এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেলেও প্রত্যাশিত সহজ পথ পায়নি ম্যানচেস্টার সিটি। জানুয়ারিতে ক্রিস্টাল প্যালেস থেকে দলে যোগ দেওয়া ডিফেন্ডার মার্ক গেহির প্রথম গোলের সুবাদে চতুর্থ স্তরের দল স্যালফোর্ড সিটিকে ২-০ ব্যবধানে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।


ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। ষষ্ঠ মিনিটে রায়ান আইত-নুরির ক্রস ওমর মারমুশের দিকে যাওয়ার পথে স্যালফোর্ডের আলফি ডরিংটন আত্মঘাতী গোল করলে স্বাগতিকরা লিড পায়। তবে এরপর প্রত্যাশিত দাপট দেখাতে পারেনি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সংগঠিত রক্ষণে স্যালফোর্ড দীর্ঘ সময় ব্যবধান এক গোলেই আটকে রাখে।


প্রথমার্ধে গোলমুখে তেমন কার্যকর শট নিতে পারেনি সিটি। বরং বেন উডবার্ন ও কেলি এন’মাইয়ের আক্রমণে কয়েকবার চাপে পড়ে স্বাগতিকরা। গোলরক্ষকের সতর্কতায় রক্ষা পায় দলটি। ম্যাচের ৮১ মিনিটে রায়ান শেরকির পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন গেহি। সিটির জার্সিতে এটিই তার প্রথম গোল।


উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডর সাবেক তারকা গ্যারি নেভিল ও ডেভিড বেকহামর মালিকানাধীন স্যালফোর্ড এবারই প্রথম এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলছে। গত মৌসুমে একই প্রতিযোগিতায় সিটির কাছে বড় ব্যবধানে হারলেও এবার তারা লড়াকু পারফরম্যান্স উপহার দেয়।


এদিকে অন্য ম্যাচে চমক দেখিয়েছে তৃতীয় স্তরের দল ম্যানসফিল্ড টাউন। টার্ফ মুরে প্রিমিয়ার লিগের দল বার্নলিকে ২-১ গোলে হারিয়ে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে তারা। বার্নলি কোচ স্কট পার্কার একাদশে একাধিক পরিবর্তন আনলেও সেই কৌশল কাজে আসেনি।


ফলে একদিকে কষ্টার্জিত জয় নিয়ে পরের রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি, অন্যদিকে বড় অঘটনের জন্ম দিয়ে নজর কেড়েছে ম্যানসফিল্ড।


সম্পর্কিত খবর