জাতীয়
ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘খালেদা’, উপহার নিয়ে ডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’। সদ্যোজাত এ সন্তানের নাম রেখেছেন তার বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম।
এ সময় আম্বিয়া খাতুনের হাতে একটি বাঁধাই করা জন্মসনদ ও সদ্যোজাত শিশুর যত্নের প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক। ওই জন্মসনদে শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন।
সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের নজরে আসে। পরে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসককে ওই শিশুর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তার কর্মকর্তাদের নিয়ে প্রসূতি মা ও শিশুটির খোঁজখবর নেন ও উপহার সামগ্রী তুলে দেন।








