খেলাধুলা

বাঁচা-মরার লড়াইয়ের আগে ৪ বছর পর অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ

ডেস্ক

শেয়ারঃ

বাঁচা-মরার লড়াইয়ের আগে ৪ বছর পর অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ- খবরের থাম্বনেইল ফটো

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় এক চমক। অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ আবারও জাতীয় দলে ফিরছেন। প্রথমে অধিনায়ক মিচেল মার্শ চোট পাওয়ায় কভার হিসেবে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্মিথ। এখন মার্শ সুস্থতার পথে থাকলেও দলে থাকতে হচ্ছে না তার। কারণ পুরোনো চোটে (অ্যাকিলিস ও ক্যাল্ফ সমস্যা) পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ পেসার জশ হেজেলউড।


এই সুযোগে হেজেলউডের বদলি হিসেবে স্মিথকে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। সোমবার দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে। ফলে প্রায় ৪ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন স্মিথ। ২০২২ সালের পর এই টুর্নামেন্টে আর দেখা যায়নি তাকে, এমনকি ২০২৪ সালের ফেব্রুয়ারির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেননি।


তবে এই ফাঁকে ঘরোয়া বিগ ব্যাশ লিগে দারুণ ফর্মে ছিলেন তিনি। সর্বশেষ আসরে সিডনি সিক্সার্সের হয়ে ৬ ম্যাচে প্রায় ৬০ গড় ও ১৬৮+ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেছেন।


রোববার পাল্লেকেলেতে দলের সঙ্গে অনুশীলনও করেছেন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে।


অস্ট্রেলিয়া এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তিন নম্বরে রয়েছে। শ্রীলঙ্কাকে হারাতে না পারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে তাদের। এমন সংকটময় মুহূর্তে স্মিথের অভিজ্ঞতা ও ফর্ম দলের জন্য বড় স্বস্তি।


সম্পর্কিত খবর