খেলাধুলা

শীর্ষস্থান রিয়ালের হাতে তুলে দিল বার্সা

ডেস্ক

শেয়ারঃ

শীর্ষস্থান রিয়ালের হাতে তুলে দিল বার্সা- খবরের থাম্বনেইল ফটো

লা লিগায় একটা রোমাঞ্চকর কাতালান ডার্বিতে জিরোনা ২-১ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনাকে। সোমবার রাতের এই ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করেছে। এই হারে বার্সা এখন টেবিলের দুই নম্বরে, রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে।


ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা দাপট দেখালেও গোলের দেখা পায়নি। রাফিনিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে, আর যোগ করা সময়ে লামিন ইয়ামালের পেনাল্টিও পোস্টে ধাক্কা খেয়ে ফিরে যায়। ফলে বিরতিতে ০-০ সমতা।


দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি দারুণ হেডে বার্সাকে এগিয়ে দেন- লা লিগায় এটাই তার প্রথম গোল। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ২ মিনিট পর জিরোনা সমতা ফিরিয়ে আনে। ভ্লাদিস্লাভের পাস থেকে তমাস লেমা সহজেই গোল করে ১-১ করেন।


ম্যাচের শেষদিকে ৮৬ মিনিটে জিরোনা জয় নিশ্চিত করে। ফ্রান বেলত্রান নিচু কোনাকুনি শটে বল জালে জড়ান। বার্সা ফাউলের দাবি করলেও গোল বহাল থাকে। যোগ করা সময়ে লেভানদোভস্কির গোল অফসাইডে বাতিল হয়ে যায়।


বার্সেলোনা ম্যাচে ৭০% বল দখলে রেখে ২৬টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি- তার মধ্যে ৩টিই পোস্টে লেগে ফিরেছে। অন্যদিকে জিরোনা ১৩ শটের ৯টি লক্ষ্যে রেখে দারুণ কার্যকর ফুটবল খেলেছে।


এই হার বার্সার মৌসুমের চতুর্থ লিগ হার। ২৪ ম্যাচে ১৯ জয়, ১ ড্র ও ৪ হারে তাদের পয়েন্ট ৫৮। রিয়াল মাদ্রিদ ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে। জিরোনা এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে উঠেছে।


সম্পর্কিত খবর