খেলাধুলা
হান্ড্রেডের নিলামে ২৩ বাংলাদেশি, সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের

দ্য হান্ড্রেডের আসন্ন আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। লিগ কর্তৃপক্ষ একটি বিবৃতির মাধ্যমে নিবন্ধিত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে।
সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের জন্য ১ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকা)। দ্বিতীয় স্থানে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যার ভিত্তিমূল্য ৭৫ হাজার ইউরো। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য নাসুম আহমেদের ৩১ হাজার ইউরো। বাকি ২০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য রিশাদের দামের অর্ধেকেরও কম।
এবারের আসরে প্রথমবারের মতো নিলাম পদ্ধতি চালু করা হয়েছে। আগের বছরগুলোতে ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হতো। নিলাম অনুষ্ঠিত হবে ১২ মার্চ (পুরুষদের), আর মেয়েদের নিলাম ১১ মার্চ।
পুরুষ ও নারী মিলিয়ে মোট ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন। আটটি দল নিলামের মাধ্যমে ১৬ থেকে ১৮ জন করে খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করবে। প্রতিটি দল সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। এর আগেই প্রত্যেক দল সরাসরি চুক্তির মাধ্যমে ৪ জন করে ইংলিশ ও বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
বাংলাদেশের যারা নাম দিয়েছেন- মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাইম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।








