জাতীয়
মুজিববাদের শিকড় উপড়ে ফেলার ঘোষণা জেআরজেএ’র

জাতীয় প্রেসক্লাব কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মুজিববাদের শিকড় উপড়ে ফেলার ঘোষণা দিয়েছে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)।
শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে দাবি করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ছয়জন সাংবাদিকসহ দেড় হাজার ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, তা কলঙ্কিত করার চেষ্টা চলছে। বিশেষ করে মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।
জেআরজেএ অভিযোগ করে, শনিবার সকালে মুজিববাদী স্লোগান দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নেতাকর্মীরা প্রেসক্লাব দখলের অপচেষ্টা চালিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজী।
তিনি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট দেশে মুজিববাদের কবর রচিত হয়েছে। এখন সেটিকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত।”
ইসরাফিল ফরাজী আরও বলেন, যারা ২১ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারে মুজিববাদী স্লোগান দিয়েছেন, তাদের কর্মকাণ্ড জাতির অনুভূতিতে আঘাত হেনেছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং প্রয়োজনে সদস্যপদ বাতিল করতে হবে। একই সঙ্গে, যাদের বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।
এ সময় জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্য বজায় রেখে স্বৈরাচার ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি, ফ্যাসিবাদবিরোধী যেকোনো কর্মসূচিতে জেআরজেএ জাতীয় প্রেসক্লাবের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।








