জাতীয়
ঈদযাত্রায় সারাদেশে প্রা’ণ হারালেন ৪৩৮ জন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিনের ঈদযাত্রায় সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, ২১ মে থেকে ৪ জুন পর্যন্ত এই দুর্ঘটনাগুলো ঘটে।
এর মধ্যে সড়কপথে ৩৯৪টি দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১ হাজার ২৯৪ জন আহত হন। রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
সংগঠনটি জানায়, বৃষ্টি, ভাঙাচোরা সড়ক, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন এবং চালক সংকটের কারণে এবার দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। তারা আধুনিক গণপরিবহন ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং মহাসড়কে নিরাপত্তা করিডোর চালুর দাবি জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের তুলনায় এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও আহতের সংখ্যা সামগ্রিকভাবে বেড়েছে।







