জাতীয়
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যুক্ত হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সদস্যরা।
সোমবার (৮ জুন) আনসার ও ভিডিপির উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১১টি সীমান্তবর্তী জেলায় বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপি সদস্যরা।
জেলাগুলোর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।
এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
বাহিনীটি বলছে, এই উদ্যোগ সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







