জাতীয়
নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর অঙ্গীকার ডা. তাসনিম জারার

ঢাকা-৯ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নাগরিক সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, সংসদ নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া নয়; বরং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ।
সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–কে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. তাসনিম জারা বলেন, নাগরিকদের সেবা পেতে বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরতে হবে না; বরং রাষ্ট্রীয় ব্যবস্থাপনাই মানুষের কাছে পৌঁছাবে। সাক্ষাৎকারে তিনি স্বাস্থ্য, শিক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি জানান, ছয় দফা নির্বাচনী ইশতেহারের প্রথমেই রয়েছে গ্যাস ও নাগরিক সেবা। গ্যাস সরবরাহে ব্যর্থ হলে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে সংসদে আইন প্রস্তাব আনার কথা বলেন তিনি। পাশাপাশি এলপিজি সরবরাহ, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দেন।
স্বাস্থ্যখাতে তিনি প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, মুগদা হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির সংকট দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবেন। পাড়ার ক্লিনিকগুলোকে আধুনিকায়ন করে ‘মিনি হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থায়ী মশক নিধন স্কোয়াড গঠনের অঙ্গীকার করেন।
মাদক প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, মাদকবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ সড়কে সিসিটিভি স্থাপনের কথাও জানান তিনি।
শিক্ষাক্ষেত্রে তিনি বলেন, স্কুলে ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না। মেধা ও স্বচ্ছতার ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। আধুনিক বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি, কোডিং ক্লাব এবং মানসিক স্বাস্থ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
অর্থনৈতিক খাতে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, স্টার্টআপ ফান্ড এবং স্থানীয় ব্যবসায়ীদের ই-কমার্স প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, তার প্রচারণায় পোস্টার, বিলবোর্ড বা পিভিসি ব্যবহার করা হচ্ছে না এবং কর্মীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আচরণবিধি মেনে চলা নিশ্চিত করা হচ্ছে।
জুলাই সনদ বিষয়ে সম্ভাব্য গণভোটে তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান।
নির্বাচন নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে ডা. তাসনিম জারা বলেন, জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।
উল্লেখ্য, খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।








